ডিজিটাল লিডারশিপের মাধ্যমে হবে ডিজিটাল পার্লামেন্ট
বাংলাদেশের জাতীয় সংসদকে ‘ডিজিটাল পার্লামেন্ট’-এ রূপান্তরিত করতে জাতীয় সংসদ সদস্যদের ৩টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১০ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত “ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” শীর্ষক কর্মশালায় দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
পলক বলেন, ২০২১ সাল নাগাদ ডিজিটাল পার্লামেন্ট বিনির্মান প্রকল্প বাস্তবায়নে সংসদ সদস্যদের ডিজিটাল লিডারশিপের আওতায় আনতে তিন দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ডিজিটাল লিটারেসি, সাইবার সিকিউরিটি এবং সোশ্যাল মিডিয়া ম্যানজমেন্ট বিষয়ে সকল সংসদ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। দেশের আইসিটি খাত থেকে এক বিলিয়ন ডলার আয় হচ্ছে।
পলক বলেন, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমাদের সামনের চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা তরুণদের দিতে স্টার্টআপ খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থের সুব্যবহার নিশ্চিত করতে আইসিটি বিভাগে ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনর অ্যাকাডেমি স্থাপন করা হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি নিবন্ধনের শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করে স্টার্টআপ কোম্পানির নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে যাচ্ছি।
প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ‘আমার গ্রাম আমার শহর, তারুণ্যে শক্তি ও সমৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ’ বাস্তবায়নে সংসদ সদস্যদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার থাকতে হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর উদ্দিন খান, ডেপুটি স্পিকার ফজলে কবির মিয়া, চিফ হুইপ নূরে আলম চৌধুরী প্রমুখ।